ইরানের হামলায় কুয়েতে নিহত ১, আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাত/ ফাইল ছবি: আইআরএনএ

ইরান বনাম মার্কিন-ইসরায়েল রক্তক্ষয়ী সংঘাতের উত্তাপ এবার প্রতিবেশী দেশগুলোতেও ছড়াতে শুরু করেছে। রোববার (১ মার্চ) কুয়েতে চালানো ইরানের এক আকস্মিক হামলায় অন্তত একজন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় ১ জন নিহত হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

এই হামলায় আহত হয়েছেন ৩২ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর আগে ঘোষণা করেছিল যে, যেসব দেশ থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালাচ্ছে বা সহায়তা করছে, সেসব দেশকে লক্ষ্যবস্তু করা হবে।

কুয়েতে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এই হামলার পর কুয়েতসহ পারস্য উপসাগরের দেশগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুয়েত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। একইসাথে দেশটির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।