ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলো লেবাননের হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০২ মার্চ ২০২৬
লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কয়েকজন সেনা/ ছবি: কাউন্সিল অন ফরেন রিলেশনস

ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ যুদ্ধে’ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলো গোষ্ঠীটি।

রোববার (১ মার্চ) রাতে ইসরায়েল কর্তৃক অধিকৃত অঞ্চল হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়া, লেবানন ও এর জনগণকে রক্ষা করা এবং জায়নবাদী শাসনের ধারাবাহিক আগ্রাসনের জবাব দিতে হাইফার দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরোধ আন্দোলনের নেতারা জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও নেতা, তরুণ ও জনগণকে হত্যা আমাদের আত্মরক্ষার পূর্ণ অধিকার দেয় এবং উপযুক্ত সময় ও স্থানে প্রতিক্রিয়া জানানোর সুযোগও তৈরি করে।

বিবৃতিতে এটিও উল্লেখ করা হয় যে, ইসরায়েলি শাসন কোনো সতর্কতামূলক জবাব ছাড়া টানা ১৫ মাস ধরে আগ্রাসন চালিয়ে যেতে পারে না। একমাত্র কঠোরতম জবাবই দখলদার শাসনকে আগ্রাসন থামাতে ও লেবাননের অধিকৃত অঞ্চল থেকে সরে যেতে বাধ্য করতে পারে।

হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, তাদের এই পদক্ষেপ বৈধ আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া ও লেবাননের কর্মকর্তাদের উচিত দেশটির ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ করা।

সূত্র: তাসনিম নিউজ

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।