ইরানে হামলা
যুক্তরাষ্ট্রের আরও ক্ষতির শঙ্কা আছে, জানালো পেন্টাগন
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে পেন্টাগন। সোমবার (২ মার্চ) মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান এক রাতে শেষ হবে না এবং এতে আরও সামরিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, এটি কোনো এক রাতের অভিযান নয়। সেন্টকম এবং যৌথ বাহিনী যে সামরিক লক্ষ্য পূরণের দায়িত্ব পেয়েছে, তা সম্পন্ন হতে কিছু সময় লাগবে এবং কিছু ক্ষেত্রে কঠোর ও জটিল কার্যক্রমের প্রয়োজন হবে।
কেইন বলেন, আমরা আরও ক্ষতির সম্মুখীন হতে পারি, তবে সর্বদা চেষ্টা থাকবে যুক্তরাষ্ট্রের ক্ষতি কমানোর।
এদিকে, ইরানের পাল্টা হামরায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চার সেনা নিহত হয়েছেন। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত মোট চারজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। চতুর্থ এই সদস্য ইরানের প্রাথমিক হামলার সময় গুরুতর আহত হয়েছিলেন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কেইন বলেন, আমাদের মিশন হলো নিজেদের এবং আঞ্চলিক অংশীদারদের সুরক্ষা নিশ্চিত করা, ইরানকে সীমার বাইরে থেকে ক্ষমতা প্রয়োগ করতে বাধা দেওয়া, এবং প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত থাকা।
সূত্র: আল-জাজিরা
কেএএ/