মার্কিন সাংবাদিকের দাবি

সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পিএম, ০৩ মার্চ ২০২৬
মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক টাকার কার্লসন/ ছবি: ফেসবুক@কার্লসন

সৌদি আরব ও কাতার তাদের ভূখণ্ডে বোমা হামলার পরিকল্পনা করা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের গ্রেফতার করেছে বলে দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক টাকার কার্লসন।

সোমবার (২ মার্চ) নিজের অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, ‘যেসব উপসাগরীয় দেশ ইরানের হামলার শিকার, সেখানে ইসরায়েল কেন বোমা হামলার পরিকল্পনা করবে? তারা কি একই পক্ষে নয়?’

কার্লসনের অভিযোগ, ইসরায়েল ইরানকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন আরব দেশেও অস্থিতিশীলতা ছড়াতে চায়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদি আরব, কাতার বা ইসরায়েলের পক্ষ থেকে তার এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েলের সমালোচনা করায় হেনস্তা

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাক্ষাৎকার নেওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা কার্লসন ও তার টিমের সদস্যদের সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিলেন বলে জানা যায়।

ওই সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের ‘ঐশ্বরিক অধিকার’ রয়েছে এবং তিনি ফিলিস্তিনি জাতীয় পরিচয় অস্বীকার করেন। এর আগে অনলাইনে দুজনের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা হয়; কার্লসন খ্রিস্টানদের প্রতি ইসরায়েলের আচরণকে ‘জঘন্য’ বলে সমালোচনা করেছিলেন।

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা

কার্লসনের সাম্প্রতিক মন্তব্য এসেছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে। দুই দেশ গত ২৮ ফেব্রুয়ারি থেকে হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ৭০০ ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৫০০র বেশি মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে।

গত সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত আরামকো তেল শোধনাগারে একটি ড্রোন হামলায় আগুনের ঘটনা ঘটে। এই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করা হলেও তেহরান বলেছে, তারা সৌদির তেল স্থাপনায় কোনো হামলা চালায়নি।

একইদিন হামলা হয়েছে কাতারের শিল্পনগরী রাস লাফানের একাধিক জ্বালানি স্থাপনাও।

সূত্র: মিডল ইস্ট আই
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।