ওমানের বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা
ওমানের দুকম বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গত সপ্তাহের শেষ দিকেও একই বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল। এর আগে সোমবার কাতারের কয়েকটি স্থাপনায় ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। সৌদি আরবও বৃহত্তম দেশীয় তেল শোধনাগারের উৎপাদন স্থগিত রেখেছে।
বছরের পর বছর ধরে মার্কিন-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওমান। গত মাসেই দেশটিতে সবশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সব আলোচনা ব্যর্থ করে শনিবার ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
টিটিএন