জায়নবাদ ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৩ মার্চ ২০২৬
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: এএফপি (ফাইল)

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জায়নবাদকে মানবতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়।

আসিফ দাবি করেন, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে মুসলিম বিশ্বে ঘটে যাওয়া প্রতিটি বিপর্যয় ও যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে জায়নবাদী মতাদর্শ ও রাষ্ট্রটির হাত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সংঘাত ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যদিও তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত ছিল।

একই সঙ্গে তিনি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, এটি দেশকে বহিরাগত হুমকি থেকে রক্ষা করার ঢাল হিসেবে কাজ করছে।

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশজুড়ে সব ভিসা সাক্ষাৎকার শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত বাতিলের ঘোষণা দিয়েছে ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচি কনস্যুলেটেও প্রযোজ্য হবে।

রোববার (১ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিনই করাচি কনস্যুলেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় শত শত মানুষ।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। করাচি পুলিশ সার্জনের কার্যালয়ের তথ্যমতে, গতকাল সন্ধ্যা পর্যন্ত সেখানে অন্তত ১০ জন নিহত হন ও ৭০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে হাসপাতালের একটি তালিকায় ৯ জনের নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল, যাদের সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ায়।

রাজধানী ইসলামাবাদে কয়েক হাজার মানুষ খামেনির ছবি হাতে রাস্তায় নামেন। মার্কিন দূতাবাসের কাছে জড়ো হওয়া ভিড় সরাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। স্কারদু শহরে বিক্ষোভকারীরা জাতিসংঘের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। লাহোরেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।