‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার বুধবার বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। খবর বিবিসির।
মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবো।
এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার (৪ মার্চ) শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।
প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন।
ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে, বুধবার রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে এই শহীদ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত লোকজন।
৮৬ বছর বয়সী আলী খামেনিকে তার জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে সমাহিত করার কথা রয়েছে। এদিকে ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
টিটিএন