খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় শোক প্রকাশ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৫ মার্চ ২০২৬
দিল্লিতে ইরানের দূতাবাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারত।বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেছেন।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে একান্তে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব, এরকম একটি ছবিও এক্স হ্যান্ডেলে দিয়েছেন জয়সওয়াল।

বৃহস্পতিবার দুপুরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন।

তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা অবশ্য জানান নি জয়শঙ্কর।

খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। তার পাঁচদিনের মাথায় শোক প্রকাশ করল ভারত।

ভারতের পুরনো মিত্র দেশ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে নরেন্দ্র মোদীর সরকার কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় দেশের মধ্যেই সমালোচনা উঠেছিল।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে ইরানে মার্কিন-ইজরায়েলি হামলার নিন্দা করে এখনও কোনো বার্তা দেয়নি ভারত সরকার।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।