লেবাননে বাড়িঘরে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল
ইসরায়েল দক্ষিণ লেবাননের একটি শহরের আবাসিক এলাকায় অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে বাড়িঘরের ওপর আর্টিলারি থেকে নিক্ষেপ করা সাদা ফসফরাস গোলা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।
এইচআরডব্লিউ বলেছে, তারা অন্তত সাতটি ছবি যাচাই করেছে, যেখানে দেখা গেছে, আবাসিক এলাকার ওপর আকাশে বিস্ফোরিত হয়ে সাদা ফসফরাস ছড়িয়ে পড়ছে। ওই এলাকায় দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় সিভিল ডিফেন্স কর্মীদেরও সাড়া দিতে দেখা গেছে।
সাদা ফসফরাস কী?
সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ধোঁয়ার পর্দা তৈরি বা আলোকসজ্জার জন্য ব্যবহার করা হয়।
তবে একে অগ্নিসংযোগকারী অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায়। এতে মারাত্মক আগুন লাগতে পারে এবং মানুষের শরীরে ভয়াবহ পোড়া, শ্বাসতন্ত্রের ক্ষতি, অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যু ঘটতে পারে।
বেসামরিক মানুষের জন্য ঝুঁকি
এইচআরডব্লিউর লেবানন বিষয়ক গবেষক রাজমি কাইস বলেন, আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি হতে পারে।
তিনি বলেন, ইসরায়েলকে অবিলম্বে এই ধরনের গোলা ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে, তাদেরও এ ধরনের অস্ত্র সহায়তা স্থগিত করার আহ্বান জানান তিনি।
লেবাননে তীব্র হামলা
ইরান যুদ্ধের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে গত সপ্তাহ থেকে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
লেবানিজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত ৩৯৪ জন নিহত এবং পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সিও জানিয়েছে, সীমান্তবর্তী খিয়াম ও তাল নাহাস শহরে ইসরায়েলি বাহিনী আর্টিলারি ও ফসফরাস গোলা নিক্ষেপ করেছে।
এর আগেও লেবানন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছে।
সূত্র: এএফপি
কেএএ/