‘ট্রাম্প, ওদের চোখের দিকে তাকান’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৯ মার্চ ২০২৬
তেহরান টাইমসের প্রথম পাতায় নিহত শিশুদের ছবি/ ছবি: তেহরান টাইমস

‘ট্রাম্প, ওদের চোখের দিকে তাকান’—ইরানের মিনাব শহরের একটি স্কুলে বর্বরোচিত হামলায় শতাধিক নিষ্পাপ শিশুর প্রাণহানির ঘটনায় এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে তেহরান টাইমস।

ইরানের রাষ্ট্র সমর্থিত ইংরেজি এই সংবাদপত্রটি তাদের প্রথম পাতায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুদের ছবি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে।

পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের বিষয়ে ট্রাম্পের বক্তব্যে বারবার ‘ভুল তথ্য, দায় এড়ানো এবং কূটনৈতিক সমাধান প্রত্যাখ্যানের প্রবণতা’ দেখা যাচ্ছে।

হামলার দায় নিয়ে বিতর্ক

গত শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, মিনাবের স্কুলে হামলাটি সম্ভবত ইরান নিজেই করেছে। তার দাবি, ইরানের ব্যবহৃত অস্ত্র খুবই ত্রুটিপূর্ণ। তারা প্রায়ই ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করে।

দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের মতো প্রভাবশালী তবে মার্কিন সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধান বলছে, হামলাটির জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীই দায়ী।

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, স্কুলটিতে হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন।

যেভাবে হয় হামলা

ঘটনাটি ঘটে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে।

ডাচ অনুসন্ধানী সংস্থা বেলিংক্যাটের সংঘাত বিশ্লেষক ট্রেভর বল বলেন, ঘটনাটি সম্ভবত একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটেছে।

ট্রেভর বল বলেন, সংঘাতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের কাছেই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।

সূত্র: এনডিটিভি, তেহরান টাইমস
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।