আইআরজিসি

‘যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১০ মার্চ ২০২৬
আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি/ ফাইল ছবি: তেহরান টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে বলে জানিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন, তার জবাবে এই ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেছেন, ‘ট্রাম্পের বক্তব্য মিথ্যা ছাড়া কিছুই নয়। সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর তিনি ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, এই যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করবো।

নাইনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ প্রায় শেষ হয়ে আসছে এবং তারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে। তিনি বলেন, ট্রাম্প মার্কিন জনগণের কাছে সত্য বলতে চান না।

তার অভিযোগ, পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে—এ তথ্য মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে।

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে গেছে—ট্রাম্পের এমন দাবিও নাকচ করেছেন আইআরজিসি মুখপাত্র। তিনি বলেন, যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় এবং এক টনের বেশি ওজনের ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

নাইনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্রমণকারী দেশগুলো এবং তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী।

তার মতে, তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিপক্ষের যে চেষ্টা চলছে তা ‘সাময়িক এবং ব্যর্থ’ হবে।

এর আগে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।