নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১০ মার্চ ২০২৬
ছবি: এএফপি

মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। আর যারা দেশটি ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার সকালে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, যদি নিরাপদ মনে করেন, তবে মার্কিন নাগরিকদের বৈরুত রফিক হারিরি বিমানবন্দর ছেড়ে যেতে থাকা মিডল ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি ‌‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করা’ উচিত।

গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাংশ ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের আওতায় রয়েছে। ইসরায়েল বলছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।

এদিকে ইসরায়েল আবার দক্ষিণ লেবাননের লোকজনকে জরুরিভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কারণ দেশটি ওই এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদ্রেয়ি বলেন, লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর তৎপরতার কারণে ইসরায়েল ‘কঠোর’ ব্যবস্থা নিচ্ছে।

তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি আপনারা অবিলম্বে আপনার ঘরবাড়ি ছাড়ুন এবং লিতানি নদীর উত্তরে চলে যান।

সোমবার আইডিএফ জানায়, তারা লেবাননে আল-কার্দ আল-হাসান অ্যাসোসিয়েশন (একিউএএইচ)-এর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে; এটি হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি আর্থিক সংস্থা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল পর্যন্ত চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ৪৮৬ জন নিহত হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।