প্রয়োজন হলে যে কোনো সময় সৌদি আরবকে সহায়তা দেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১১ মার্চ ২০২৬
শাহবাজ শরিফ ও মোহাম্মদ বিন সালমান/ ছবি: সৌদি গ্যাজেট (ফাইল)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান জানিয়েছে, প্রয়োজন হলে তারা সৌদি আরবকে সহায়তা করতে প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোসারফ জায়েদি বলেন, ইসলামাবাদ যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো সময়ে রিয়াদের পাশে দাঁড়াবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার মধ্যে সৌদি আরবের ঘাঁটিও রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক দেশগুলোতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেও তেহরান জানিয়েছে, তাদের ভূখণ্ডে হামলার জন্য যেসব ঘাঁটি ব্যবহার করা হবে সেগুলোই লক্ষ্যবস্তু করা হবে।

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আবর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর হামলাকে অন্য দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

এর এক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানান।

এদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির সম্প্রতি সৌদি আরব সফর করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় ইরানের হামলার বিষয়টি আলোচনা হয়।

পাকিস্তানের রাজনৈতিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রান সানাউল্লাহ জানিয়েছেন, ইসলামাবাদ একই সঙ্গে ইরানকে সৌদি আরবে হামলা বন্ধে রাজি করানোর চেষ্টা করছে। সামরিক নেতৃত্ব তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা চলছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সৌদি আরব যদি নিশ্চিত করে যে তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, তাহলে তেহরানও সৌদি আরবের ওপর হামলা চালাবে না বলে জানিয়েছে।

এদিকে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের জন্য তেল ও ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরব ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন জাইদি।

হরমুজ প্রণালী বন্ধ থাকায় পাকিস্তান এখন লোহিত সাগর ব্যবহার করে অপরিশোধিত তেল আমদানি শুরু করেছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।