ইরানি হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত মার্কিন মেডিকেল প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রের একটি বড় মেডিকেল যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে ইরানপন্থি একটি হ্যাকারদের একটি গ্রুপ। ওই মেডিকেল প্রতিষ্ঠানটির নাম স্ট্রাইকার কর্পোরেশন বলে জানা গেছে। এই সাইবার হামলার ফলে প্রতিষ্ঠানটির বৈশ্বিক সাপ্লাই নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্নতার সৃষ্টি হয়েছে।
মিশিগানভিত্তিক মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার কর্পোরেশন জানিয়েছে, সাইবার হামলার কারণে তাদের মাইক্রোসফটভিত্তিক নেটওয়ার্কে বৈশ্বিক পর্যায়ে সমস্যা দেখা দিয়েছে।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, এখন পর্যন্ত র্যানসমওয়্যার বা ম্যালওয়্যারের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তারা মনে করছে। একই সঙ্গে হামলার প্রভাব মূল্যায়নে কাজ করছে তাদের প্রযুক্তি দল।
স্ট্রাইকার কর্পোরেশন হাসপাতালের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করে, যার মধ্যে ডিফিব্রিলেটর, অ্যাম্বুলেন্সের স্ট্রেচারসহ নানা জরুরি চিকিৎসা যন্ত্র রয়েছে। কোম্পানিটির দাবি, তাদের প্রযুক্তি ও সেবার মাধ্যমে বিশ্বজুড়ে ১৫ কোটির বেশি রোগী উপকৃত হয়।
সাইবার হামলার ফলে তাদের “লাইফনেট” নামের একটি আইটি সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। এই সিস্টেমটি জরুরি সেবাকর্মীরা রোগীর তথ্য হাসপাতালে পাঠানোর জন্য ব্যবহার করেন।
মেরিল্যান্ড ইনস্টিটিউড ফর ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস সিস্টেম জানিয়েছে, সাইবার হামলার কারণে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেশিরভাগ এলাকায় লাইফনেট ইসিজি ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে।
এদিকে স্বাস্থ্যখাতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। হাসপাতালগুলোও তাদের সিস্টেম থেকে স্ট্রাইকারের যন্ত্রপাতি বিচ্ছিন্ন করা প্রয়োজন কি না, তা বিবেচনা করছে।
বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েলে-মার্কিন যৌথ হামলার হামলা শুরু করার পর থেকে মার্কিন অবকাঠামোর ওপর এটিই ইরানপন্থী হ্যাকারদের প্রথম বড় সাইবার হামলা।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএম