যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে, ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।
তিনি বলেন, তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, কেবল ইরানের বৈধ অধিকার স্বীকৃত হলেই এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, এই সংঘাত ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে।
ইরানের প্রেসিডেন্টের এসব বক্তব্য এমন সময়ে এলো যখন সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। রাশিয়া ইরানি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং লড়াই বন্ধের আহ্বান জানাচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হতে পারে, কারণ সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই। বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আমি যখনই চাইবো, যুদ্ধ তখনই শেষ হবে।
অ্যাক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুদ্ধ খুব ভালোভাবেই চলছে। আমরা সময়সূচির অনেক আগেই এগিয়ে আছি। আমরা ছয় সপ্তাহের মূল পরিকল্পনার মধ্যেই যতটা ক্ষতি করা সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি ক্ষতি করেছি।
মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, তবে ওয়াশিংটন এখনো সামরিক অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। এছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলে তেহরান তা মেনে নেবে কি না, সেটাও এখনো স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
কাৎজ বলেন, অভিযান কোনো সময়সীমা ছাড়াই চলবে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। যতক্ষণ না আমরা সব লক্ষ্য পূরণ করছি এবং এই অভিযানে বিজয় অর্জন করছি।
টিটিএন