জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইরান জানিয়েছে, তারা জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে বলা হয়েছে, মুয়াফাক সালতি বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন এলাকা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
ইরানি সেনাবাহিনীর দাবি, এই ঘাঁটিটি ইরানের ওপর বিমান হামলা পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জর্ডানের এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে ।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস একই ঘাঁটিসহ জর্ডান, বাহরাইন ও ইরাকের কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছিল।
এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে সতর্ক করেছে কর্তৃপক্ষ, কারণ সেখানে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
হামলার লক্ষ্যবস্তু ছিল একটি শিল্পাঞ্চল, যা বিরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত একজন আহত হয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেউত হোভাভ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে এবং কারখানায় থাকা বিপজ্জনক পদার্থের কারণে জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম