তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ১৮ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ছবি: এএফপি (ফাইল)

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।

বুধবার (১৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল জেইহান বন্দরের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে।

এর আগে হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে ইরাকের তেল উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লাগে। যুদ্ধ শুরুর আগে দেশটি প্রতিদিন প্রায় ৩.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত, যার বেশিরভাগই দক্ষিণাঞ্চলের বসরা অঞ্চল থেকে হরমুজ প্রণালি হয়ে যেত।

রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কোম্পানি জানিয়েছে, কিরকুক অঞ্চলের তেল রপ্তানির জন্য সারলো পাম্পিং স্টেশন চালু করা হয়েছে। এর মাধ্যমে পাইপলাইনে তেল পাঠিয়ে তুরস্কের জেইহান বন্দরে পৌঁছানো হচ্ছে।

এই রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু করতে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয়েছে, কারণ পাইপলাইনটি ওই অঞ্চল দিয়েই গেছে।

এদিকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় ইরাক ইরানের সঙ্গে যোগাযোগ করছে, যাতে তাদের কিছু তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া যায়।

বিশ্লেষকদের মতে, এই সীমিত রপ্তানি বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি সমাধান করতে পারবে না, তবে কিছুটা চাপ কমাতে সহায়তা করবে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।