হরমুজ দ্বীপের কাছে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রোববার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এবং মেহর নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানটি দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। ভূপাতিত হওয়ার ঠিক আগ মুহূর্তে যুদ্ধবিমানটি থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ইরান।
তবে যুদ্ধবিমানটি কোন দেশের বা এর পাইলটের পরিণতি কী হয়েছে, সে সম্পর্কে তেহরান এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য বা ধ্বংসাবশেষের প্রমাণ উপস্থাপন করেনি।
#BREAKING
— Tehran Times (@TehranTimes79) March 22, 2026
An enemy's F-15 fighter jet was shot down by Iranian air defense systems near Hormuz Island after being intercepted over the country’s southern coast. pic.twitter.com/jmrFuUQKbd
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩০০র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে (যেখানে মার্কিন সামরিক সম্পদ রয়েছে) দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএএ/