হরমুজ প্রণালি দিয়ে মার্কিন-ইসরায়েলি মিত্রদের পার হতে দেব না: ইরান
তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা সাম্প্রতিক হামলায় জড়িত কোনো দেশকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে ইরান।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, প্রণালিটি ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি সাহসী নৌবাহিনীর বিচক্ষণ ব্যবস্থাপনায় রয়েছে। আমেরিকান আগ্রাসী শক্তি এবং তাদের মিত্রদের এখানে চলাচলের কোনো অধিকার নেই।
এর আগে ইরান ঘোষণা দিয়েছে যে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সঙ্গে সম্পৃক্ত, তাদের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই জলপথটি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। এই পথ দিয়েই বিশ্বের এক পঞ্চমাংশ তেল আদান প্রদান করা হয়।
অন্যদিকে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, জাবেল আলি পোর্টের প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে একটি কনটেইনার জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজে ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
সংস্থাটি জানায়, জাহাজটির ক্যাপ্টেন অজ্ঞাত বস্তুর আঘাতের কথা জানিয়েছেন। অন্ধকারের কারণে ক্ষয়ক্ষতির পুরো মাত্রা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এখন পর্যন্ত পরিবেশগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিজেদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএম