যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অবাস্তব ও অযৌক্তিক বলছে ইরান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবকে অবাস্তব, অযৌক্তিক ও অতিরিক্ত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ইরান নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুথি ইয়েমেন থেকেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে, যার দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে প্রথমবারের মতো হুথিরা ইসরায়েলে হামলা চালিয়ে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে। পাশাপাশি হিজবুল্লাহ লেবানন থেকেও রকেট হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে তারা তেহরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ-সংক্রান্ত স্থাপনাতেও আঘাত হেনেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমরা সামরিক আগ্রাসনের মুখে আছি। তাই আমাদের সব মনোযোগ আত্মরক্ষার দিকে।
কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। তবুও সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শিগগির হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
এদিকে, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টিও পর্যালোচনা করছে বলে জানিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
নতুন হামলা ও সংঘাতের বিস্তারের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ বাড়ছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে অচলাবস্থা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।
সূত্র: রয়টার্স
এমএসএম