লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৩ মার্চ ২০২৬
ছবি: আনাদোলু এজেন্সি

মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৮ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, নিহতদের মধ্যে আরও রয়েছেন ৬২ জন নারী ও ১৮ জন প্যারামেডিক।

একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৪ জনে। আহতদের মধ্যে ৩০৪ জন শিশু, ৩২৮ জন নারী এবং ৪৫ জন প্যারামেডিক রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ২ মার্চ লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এসব হামলা শুরু হয় বলে জানানো হয়।

এর জবাবে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চল, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। পাশাপাশি ৩ মার্চ দক্ষিণ লেবাননে সীমিত স্থল অভিযানও শুরু করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।