যুদ্ধ থামাতে দয়া করে সাহায্য করুন, ট্রাম্পের প্রতি সিসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ৩০ মার্চ ২০২৬
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি। তিনি বলেছেন, এই যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে।

কায়রোতে অনুষ্ঠিত সম্মেলনে সিসি ট্রাম্পের উদ্দেশে বলেন, আমাদের উপসাগরীয় অঞ্চলের এই যুদ্ধ কেউ থামাতে পারবে না, শুধু আপনি ছাড়া। দয়া করে, মিস্টার প্রেসিডেন্ট, এই যুদ্ধ থামাতে সাহায্য করুন।

তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের ওপরে চলে যাওয়ার আশঙ্কা একেবারেই অমূলক নয়।

মিশর, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে আসছে এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, এরই মধ্যে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে কায়রো কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে, যাতে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ না করে।

বিশ্লেষকদের মতে, সিসির এই আহ্বান অঞ্চলজুড়ে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন, যেখানে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।