ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত/ ছবি: এএফপি (ফাইল)

ইসরায়েলি জরুরি পরিষেবা জানিয়েছে, শনিবার তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় ইরান কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে তাদের কর্মীরা চিকিৎসা দিয়েছে। খবর এএফপির।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাত থেকে ইসরায়েলের দিকে আট দফায় ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও শনাক্ত করেছে, যা সেখান থেকে ইসরায়েলের ওপর পঞ্চম হামলা।

ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর বনি ব্রাকে কাঁচের টুকরোয় সামান্য আহত হওয়া ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পরের দিকে উদ্ধারকারী দলগুলো জানায়, তারা আরও তিনজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে দুজন কাঁচের টুকরোয় আহত হয়েছে এবং বিস্ফোরণে আরও একজন আহত হয়েছে।

জরুরি পরিষেবা আরও জানিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় সামান্য আহত ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে মধ্য ইসরায়েলের রামাত গান শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এএফপির বেশ কিছু ফুটেজে দেখা গেছে, রামাত গান-এর একটি আবাসিক এলাকায় একটি বাড়ির উপরের তলা সম্পূর্ণভাবে উড়ে গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে এবং প্রতিবারই ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার ঘোষণা দেওয়া হচ্ছে।

একটি পৃথক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে একটি রকেট ছোড়া হয়েছিল, কিন্তু সতর্কীকরণ ব্যবস্থায় ত্রুটির কারণে এর উৎক্ষেপণ শনাক্ত করা যায়নি। রকেটটি একটি খোলা জায়গায় পড়ে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।