যুদ্ধবিরতিতে লেবাননকেও রাখতে হবে, দাবি যুক্তরাজ্য-ফ্রান্স-অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল/ ছবি: ইউএনএইচসিআর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তা লেবাননসহ পুরো অঞ্চলে কার্যকর হতে হবে বলে দাবি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা জরুরি। কারণ, সেখানে ইসরায়েল এখনো প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণ টোলমুক্ত থাকতে হবে।’ ইরান সেখানে ফি আরোপ করতে পারে, এমন খবরের বিরোধিতা করে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>>
লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান

চুক্তি ভেস্তে গেলে ফের হামলা, ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং আশা প্রকাশ করেছেন, লেবাননসহ ‘সব সংঘাতপূর্ণ এলাকায়’ যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, লেবাননকে অন্তর্ভুক্ত করা যুদ্ধবিরতিকে ‘বিশ্বাসযোগ্য ও স্থায়ী’ করার জন্য অপরিহার্য শর্ত।

ম্যাক্রোঁ আরও বলেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা দেওয়ার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও একই অবস্থান নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি অবশ্যই লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত। ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এটি এখনো ‘ভঙ্গুর’ এবং একে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে হবে।

তিনি আরও বলেন, লেবাননের পরিস্থিতি শুধু ওই দেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী প্রভাব ফেলছে—যা নিয়ে অনেক অস্ট্রেলীয় উদ্বিগ্ন।

বুধবার লেবাননে বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব চালায় ইসরায়েল। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০টি বিমান হামলা চালানো হয়। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই।

এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।

এদিকে, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।

 

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।