লেবাননে ইসরায়েলের হামলা চলছেই, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, নাবাতিয়েহ জেলার কফর সির শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ হামলায় আরও চারজন আহত হন।
একই জেলার জেফতা শহরে আরেকটি হামলায় তিনজন নিহত হন, যাদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্যও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৭
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় কার শর্ত কী, কীসে রাজি?
ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স?
এছাড়া নাবাতিয়েহ জেলারই তুল শহরে চালানো তৃতীয় হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, তারা আদামিত বসতিতে ইসরায়েলি সেনা অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং মেতুলা এলাকায় ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর ড্রোন হামলা করেছে।
এছাড়া সীমান্তবর্তী ওদাইসেহ শহরের আল-আওয়াইদা পাহাড়ে একটি মার্কাভা ট্যাংক লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে বিনত জবেইলের আল-ইশরাক স্কুল এলাকার কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, লেবাননে এই চলমান হামলা ও পাল্টা হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে। পরিস্থিতি আরও অবনতি হলে যুদ্ধবিরতি পুরো অঞ্চলজুড়েই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
কেএএ/