যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থা নেই: ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি জানান, আলোচনার শুরুতেই ইরান সদিচ্ছা ও ইচ্ছা প্রদর্শন করেছিল। তবে আগের দুই দফা যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের প্রতি আমাদের আস্থা নেই।
তিনি বলেন, এই দফার আলোচনায় প্রতিপক্ষ শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধিদলের বিশ্বাস অর্জন করতে পারেনি।
এছাড়া আলোচনার মধ্যস্থতায় সহায়তার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং দেশটির জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
বিশ্লেষকদের মতে, এই মন্তব্য আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনায় সব বিষয়ে তাদের মতানৈক্য হয়নি, অনেকগুলো বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমতও হয়েছিলেন। ইরান নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় মোট ২৪ থেকে ২৫টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, কিছু ক্ষেত্রে আমরা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। তবে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল এবং সেখানে আমরা কোনো সমেঝাতায় পৌঁছাতে সক্ষম হইনি।
তবে ঠিক কোন বিষয়গুলোতে মতানৈক্য হয়েছিল সেটা তিনি স্পষ্ট করে বলেননি। ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালি এবং আঞ্চলিক পরিস্থিতির মতো নতুন বিষয়গুলো যুক্ত হওয়ায় আলোচনা আরও জটিল হয়ে পড়েছে।
এদিকে এর আগে আরেক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যে দ্রুতই একটি চুক্তিতে পৌঁছাবে, তা কখনোই প্রত্যাশিত ছিল না।
সূত্র: আল-জাজিরা
এমএসএম