ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৪ এপ্রিল ২০২৬
মাসুদ পেজেশকিয়ান ও ভ্লাদিমির পুতিন/ ছবি: এএফপি (ফাইল)

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আলোচনার মধ্যে রাশিয়া আবারও জানিয়েছে, তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে প্রস্তুত।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, বহু বছর ধরেই রাশিয়া এই প্রস্তাব দিয়ে আসছে। পরিকল্পনা অনুযায়ী, ইরানের অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে তা প্রক্রিয়াজাত করা হবে এবং পরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে আবার ইরানে ফিরিয়ে দেওয়া হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রস্তাবকে সম্ভাব্য সমাধানের একটি পথ হিসেবে দেখা হচ্ছে।

তবে এখন পর্যন্ত ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি। বিশ্লেষকদের মতে, সার্বভৌমত্ব ও কৌশলগত নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান এমন সিদ্ধান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ।

জানা গেছে, আগামী বৃহস্পতিবারই নতুন করে বৈঠক হতে পারে। ছয় সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।