গালিবাফের পেশাদারত্বে মুগ্ধ মার্কিন প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ/ ফাইল ছবি: আইআরএনএ

সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক নিয়ে এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ব্যক্তিগত দক্ষতা ও পেশাদারত্বে মুগ্ধ হয়েছে মার্কিন প্রতিনিধি দল। দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস তার এক মতামতে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে তিনি জানিয়েছেন, আলোচনার শুরুতে দুই পক্ষই বেশ কঠোর অবস্থানে ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কাছে গালিবাফ নিজেকে অত্যন্ত মার্জিত এবং বিচক্ষণ সমঝোতাকারী হিসেবে তুলে ধরেন।

ওয়াশিংটন পোস্টের কলামে বলা হয়েছে, মার্কিন নীতিনির্ধারকরা এখন গালিবাফকে ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে কল্পনা করছেন। তাদের ধারণা, গালিবাফ এমন একজন ব্যক্তি যিনি ইরানকে কট্টরপন্থি অবস্থান থেকে বের করে একটি স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারেন। এমনকি ইরানের ভেতরেও অনেক প্রভাবশালী গোষ্ঠী এখন গালিবাফের মাধ্যমে পশ্চিমের সঙ্গে একটি ‘গোল্ডেন ব্রিজ’ বা সোনালি সম্পর্কের দিকে ঝুঁকতে আগ্রহী।

আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে কী হয়েছিল, ট্রাম্প এখন কী করবেন?
ইরানের ‘কোনো তাড়া নেই’, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে
একদিনেই কেন ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা?
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ইরান যুদ্ধে সবচেয়ে বড় ‘লুজার’ ট্রাম্প

ডেভিড ইগনাটিয়াস লিখেছেন, গালিবাফ দুই দশক ধরে নিজেকে একজন বাস্তববাদী এবং ‘দাভোস’ ঘরানার নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ২০০৬ সালে তেহরানের মেয়র থাকাকালীন তিনি রাস্তার গর্ত মেরামত এবং আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের মতো পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলতে চেয়েছিলেন। এখন ২০ বছর পর, পরিবর্তনকামী হিসেবে গালিবাফের জন্য সময় এসেছে কিছু করে দেখানোর অথবা চুপ হয়ে যাওয়ার।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।