‘যিশুর মতো’ ছবি পোস্ট: সমালোচনার মুখে সরিয়ে ফেললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৪ এপ্রিল ২০২৬
‘যিশুর মতো’ ছবি পোস্ট

ডোনাল্ড ট্রাম্প নিজের একটি এআই-নির্মিত ‘যিশু সদৃশ’ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পরে তিনি ছবিটি সরিয়ে ফেলেছেন।

রোববার ট্রাম্পের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে তাকে সাদা পোশাকে একজন ব্যক্তির মাথায় হাত রেখে আশীর্বাদ দিতে দেখা যায়, যা অনেকের কাছে ধর্মীয় প্রতীকের সঙ্গে তুলনীয় মনে হয়েছে।

ছবিটি পোস্টের আগে ট্রাম্প পোপ লিওকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেন। তিনি পোপকে অপরাধ বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে খারাপ বলে মন্তব্য করেন।

পরে সাংবাদিকদের ট্রাম্প দাবি করেন, ছবিটি তাকে একজন চিকিৎসক হিসেবে দেখানোর উদ্দেশ্যে পোস্ট করা হয়েছিল এবং এটি রেড ক্রস কর্মীর সঙ্গে সম্পর্কিত।

এ বিষয়ে সরাসরি বিতর্কে যেতে না চাইলেও পোপ লিও বলেন, তিনি যুদ্ধবিরোধী অবস্থান ধরে রেখে শান্তি, সংলাপ ও বহুপাক্ষিক সম্পর্কের পক্ষে কথা বলবেন।

তিনি বলেন, বিশ্বে অনেক মানুষ কষ্টে আছে, অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে—এখনই শান্তির পক্ষে দাঁড়ানোর সময়।

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক নেতারাও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন।বলেছেন, প্রেসিডেন্টের এমন মন্তব্য হতাশাজনক এবং পোপ কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন।

আন্তর্জাতিক পর্যায়েও প্রতিক্রিয়া এসেছে। জর্জ মেলোনিয়া ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বলেন, শান্তির আহ্বান জানানো পোপের দায়িত্বের অংশ।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।